ইরানের খুজেস্তানে ৫ মাত্রার ভূমিকম্প, চলছে মার্কিন সামরিক হামলা প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২৬ ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায় ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এই প্রাকৃতিক দুর্যোগে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য ভূমিকম্পের উপকেন্দ্রের কাছাকাছি গ্রামগুলোতে দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। এদিকে, ভূমিকম্পের এই পরিস্থিতির মধ্যেই ইরানে সামরিক অভিযান অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। জানা গেছে, রোববার ভোরে ইরানের কেশম দ্বীপ ও বন্দর আব্বাসে মার্কিন বাহিনী মুহুর্মুহু হামলা চালিয়েছে। এ নিয়ে টানা অষ্টমবারের মতো দেশটিতে মার্কিন বাহিনীর হামলার ঘটনা ঘটল। SHARES আন্তর্জাতিক বিষয়: আন্তর্জাতিক সংবাদইরানখুজেস্তানভূমিকম্পমার্কিন হামলা