বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২৬ নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ রোববার (১৯ জুলাই) ফিফা বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনালে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন ও শুভকামনা ব্যক্ত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টাইমস অব ইসরাইলের বরাতে এ তথ্য জানা গেছে। ইসরাইলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু এই সমর্থনের কথা জানান। বৈঠকে রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে নেতানিয়াহুর জন্য একটি বার্তা পৌঁছে দেন। এর জবাবে নেতানিয়াহু বলেন, ‘হাভিয়ের, আপনি একজন সত্যিকারের বন্ধু। আপনি আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা আর্জেন্টিনার পাশে আছি এবং নানা ক্ষেত্রেই তাদের সমর্থন করি। আগামীকালের ম্যাচের জন্যও শুভকামনা রইল। শুভকামনা আর্জেন্টিনার জন্য।’ রোববারের এই ফাইনাল ম্যাচটিকে অনেকে প্রতীকী গুরুত্বের লড়াই হিসেবে বিবেচনা করছেন। এর কারণ হিসেবে বলা হচ্ছে, ইসরাইল ইস্যুতে স্পেনের রাজধানী মাদ্রিদ এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের অবস্থানের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে নেতিবাচক মন্তব্য এবং ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্রতত্ত্ব ছড়ানোর ঘটনাও লক্ষ্য করা গেছে। SHARES আন্তর্জাতিক বিষয়: আর্জেন্টিনাইসরাইলফুটবলবিশ্বকাপ ফাইনালবেনিয়ামিন নেতানিয়াহু