হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণে তিনটি তেল ট্যাংকারে আগুন প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে যে, হরমুজ প্রণালীর নির্ধারিত নয় এমন একটি নৌপথ দিয়ে চলাচলের সময় মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। বাহিনীটির ভাষ্যমতে, ঘটনার পর জাহাজগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বৃহস্পতিবার ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে এ তথ্য প্রকাশিত হয়। আইআরজিসির নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ওই ট্যাংকারগুলো তাদের রাডার ও নৌ-চলাচল ব্যবস্থা বন্ধ রেখে হরমুজ প্রণালীর দক্ষিণ অংশ দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। ইরানি বাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করায় জাহাজগুলো নৌ-মাইনের কবলে পড়ে এবং তাতে আগুন লেগে যায়। আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালীর অননুমোদিত পথে মাইন পেতে রাখা হয়েছে এবং এই পথ ব্যবহারের দায় সংশ্লিষ্ট জাহাজ মালিক ও নাবিকদেরই বহন করতে হবে। পাশাপাশি, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দেওয়া তথ্যের ওপর নির্ভর না করতে নৌযান পরিচালনাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে আইআরজিসি। তারা সতর্ক করে বলেছে, প্রণালিতে চলাচলের নিয়ম উপেক্ষা করে কোনো উসকানিমূলক পদক্ষেপ নেওয়া হলে তার কঠোর জবাব দেওয়া হবে। তবে তাসনিমের প্রতিবেদনে ট্যাংকার তিনটির নাম, পতাকাবাহী দেশ, নাবিকের সংখ্যা বা হতাহতের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। একই দিনে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার খবর পাওয়ার কথা নিশ্চিত করেছে। তবে সেটি ইরানের দাবিকৃত ট্যাংকারগুলোর মধ্যে একটি কি না, তা স্পষ্ট নয়। এদিকে, ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, হরমুজ প্রণালি এখনো তাদের সশস্ত্র বাহিনীর কৌশলগত নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়া বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে চলমান বিরোধের মধ্যে সর্বশেষ এই ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে, যদিও তিনটি ট্যাংকারে মাইন আঘাতের ইরানের দাবির বিষয়ে এখনো কোনো স্বাধীন যাচাই পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। SHARES আন্তর্জাতিক বিষয়: আইআরজিসিইরানতেল ট্যাংকারমাইন বিস্ফোরণহরমুজ প্রণালী