ইরানের নিরাপত্তাপ্রধানের সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্টের যোগাযোগ প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬ ইরানের ওপর নতুন করে মার্কিন হামলা ঠেকাতে এবং শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দেশটির জাতীয় নিরাপত্তাপ্রধানের সঙ্গে যোগাযোগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনের বরাত দিয়ে ওয়াশিংটন থেকে এ তথ্য জানিয়েছে এএফপি। প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এ কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজায়িকে একটি চিঠি পাঠিয়েছেন। পত্রিকাটির সূত্র জানিয়েছে, ওই চিঠিতে এবং পরবর্তীতে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে আলোচনায় শান্তি প্রস্তাবের সুনির্দিষ্ট বিষয়ের চেয়ে বরং সম্ভাব্য আলোচনার একটি কাঠামোর ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে, সংঘাত শুরুর পর থেকে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে রেখেছে। এই জলপথ দিয়ে আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো। ইরান দেশটির অনুমতি ছাড়া প্রণালিটি অতিক্রমের চেষ্টা করা জাহাজগুলোতে নিয়মিত হামলা চালাচ্ছে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের অর্থনীতির ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে দেশটির বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে সম্ভাব্য ‘স্বল্পমেয়াদি ও তীব্র সামরিক অভিযান’ মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার জন্য ওয়াশিংটন উপসাগরীয় কয়েকটি আরব দেশকে অবহিত করেছে। তবে আলোচনা সম্পর্কে অবহিত ব্যক্তিদের উদ্ধৃত করে পত্রিকাটি জানিয়েছে, ট্রাম্প এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। অন্যদিকে, ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, দেশটির ওপর নতুন করে কোনো হামলা হলে আরও বিস্তৃত পরিসরে পাল্টা আঘাত হানা হবে। মোহসেন রেজায়ি জানিয়েছেন, এ ধরনের হামলার জবাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো, বিশেষ করে ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হতে পারে। SHARES আন্তর্জাতিক বিষয়: আন্তর্জাতিক সংবাদইরানজেডি ভ্যান্সমোহসেন রেজায়িযুক্তরাষ্ট্র