দিল্লিতে ককরোচ জনতা পার্টির পদযাত্রায় পুলিশের বাধা ও লাঠিচার্জ প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬ ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিমুখে পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন সোমবার কর্মসূচি শুরু হতেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। জাতীয় মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত এই ‘সংসদ চলো’ কর্মসূচিতে হাজার হাজার সিজেপি সমর্থক অংশ নেন। শনিবার অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে পুলিশ জোর করে হাসপাতালে ভর্তি করার পর এই আন্দোলন নতুন গতি পায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি মধ্য দিল্লির কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে দিল্লির পাঁচটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন—রাজীব চক, জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবা তীর্থ—সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব স্টেশনে ট্রেন চলাচল ও যাত্রী প্রবেশ বন্ধ থাকবে। এর আগে রোববার দিল্লি পুলিশ পদযাত্রার ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করে। যন্তর মন্তর ছাড়া অন্য কোথাও পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল কিংবা সমাবেশ নিষিদ্ধ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দিল্লি পুলিশ জানায়, পূর্বানুমতি ছাড়া যন্তর মন্তর এলাকার বাইরে কোনো ধরনের বিক্ষোভ বা সমাবেশ করা যাবে না। এদিকে সিজেপি এক বিবৃতিতে তাদের সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছে, পথের বিভিন্ন স্থানে আপনাদের আটকে দেওয়া হলেও শান্ত থাকুন এবং শান্তিপূর্ণ আচরণ বজায় রাখুন। শান্তি ও ভালোবাসার মাধ্যমেই আমরা জয়ী হব। উল্লেখ্য, গত মে মাসে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লাখ লাখ পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ককরোচ’ আন্দোলনের সূচনা হয়। অল্প সময়ের মধ্যে ইনস্টাগ্রামে তাদের অনুসারীর সংখ্যা ২ কোটি ২০ লাখে পৌঁছে যায়। ৫৯ বছর বয়সি সোনম ওয়াংচুক রোববার তার স্ত্রীর মাধ্যমে এক বার্তায় এই পদযাত্রাকে ‘ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন’ বলে অভিহিত করেন। তার ভাষায়, এটি প্রশ্নপত্র ফাঁসের মতো অন্যায়ের বিরুদ্ধে এবং অবৈধ আটক ও ভয়ের বিরুদ্ধে একটি লড়াই। SHARES আন্তর্জাতিক বিষয়: ককরোচ জনতা পার্টিদিল্লিপুলিশপ্রতিবাদসোনম ওয়াংচুক