হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার আটকের ঘোষণা আইআরজিসির প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রমের সময় আইন লঙ্ঘনকারী দুটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। সোমবার (২০ জুলাই) মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জলপথটির দক্ষিণের অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ পথ দিয়ে মার্কিন সামরিক বাহিনীর চাপে পড়ে জাহাজ দুটি যাতায়াত করার চেষ্টা করছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, এটি তাদের ভূমি এবং হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা মার্কিন সন্ত্রাসী বাহিনীর হস্তক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই। এই বিষয়টিকে নিশ্চিতভাবে মোকাবিলা করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। আইআরজিসি তাদের বিবৃতিতে মার্কিন বাহিনীর উপস্থিতিকে এই অঞ্চলের নিরাপত্তার জন্য প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে। এতে আরও কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অপকর্ম যতক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত রাসায়নিক সার কিংবা এক ফোঁটা তেল ও গ্যাস পরিবহনের জন্যও এই জলপথটি নিরাপদ থাকবে না। মার্কিন বাহিনীর উপস্থিতি ও কর্মকাণ্ডের কারণেই গুরুত্বপূর্ণ এই প্রণালিতে সার্বিক নৌ চলাচল চরম ঝুঁকির মুখে পড়েছে বলে দাবি করেছে আইআরজিসি। SHARES আন্তর্জাতিক বিষয়: আইআরজিসিইরানতেলবাহী ট্যাংকারযুক্তরাষ্ট্রহরমুজ প্রণালি