৬৪ দলের বিশ্বকাপ আয়োজন ‘দায়িত্বজ্ঞানহীন’ পদক্ষেপ: লা লিগা সভাপতি প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০২৬ ২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপ ফুটবল আসর ৬৪ দল নিয়ে আয়োজন করার বিষয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার পরিকল্পনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্প্যানিশ ফুটবল লিগ ‘লা লিগা’র সভাপতি হাভিয়ের তেবাস। তিনি ফিফার এই উদ্যোগকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন। ইতালির ক্রীড়া দৈনিক লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তে দেওয়া এক সাক্ষাৎকারে তেবাস ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোরও কঠোর সমালোচনা করেন। ইনফান্তিনোর এক দশকের শাসনকাল নিয়ে প্রশ্ন তুলে লা লিগা প্রধান বলেন, ‘এক দশক ধরে ফুটবলবিশ্বের প্রধান সংস্থা পরিচালনা করছেন ইনফান্তিনো। তবে যে ব্যবস্থার ওপর ভর করে তিনি ক্ষমতায় রয়েছেন, সে ব্যবস্থাতেই বড় ধরনের ত্রুটি আছে। ফুটবলে ইনফান্তিনোর অধ্যায় এখন শেষের পথে।’ ফুটবল ক্যালেন্ডার এবং অতিরিক্ত ম্যাচের চাপের কারণে ঘরোয়া লিগগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তেবাস বলেন, ‘বিশ্বকাপ যত গুরুত্বপূর্ণই হোক না কেন, ফুটবল বলতে শুধু বিশ্বকাপকেই বোঝায় না। তারা মাত্র ৪০ দিনের একটা টুর্নামেন্টের জন্য পুরো ফুটবল–শিল্পকে ধ্বংস করে দিচ্ছে।’ তিনি আরও যোগ করেন, এই ফুটবল শিল্প লাখ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করে, যেখানে গুটিকয়েক ফুটবলারই কেবল খেলার সুযোগ পায়। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেই প্রথমবারের মতো ২০৩০ সালে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার বিষয়ে আলোচনার কথা প্রকাশ্যে আনেন। উল্লেখ্য, ২০৩০ সালের এই বিশেষ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। এছাড়া শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে প্যারাগুয়ে, উরুগুয়ে ও আর্জেন্টিনাতেও একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ত সূচি নিয়ে নিজের উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করে তেবাস বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ত সূচি নিয়ে আমরা বারবার নিজেদের উদ্বেগের কথা জানিয়েছি। আর এখন তারা ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের পাঁয়তারা করছে! তাদের বোঝা উচিত, ফুটবল খেলাটাকে মূলত বাঁচিয়ে রাখে বিভিন্ন দেশের ঘরোয়া লিগগুলো।’ তিনি আরও বলেন, ‘আমাদের এখন জাতীয় দলের ম্যাচ কমানো দরকার এবং সব স্তরের ঘরোয়া ফুটবলকে আরও সুরক্ষা দেওয়া উচিত। কিন্তু তারা এসব না ভেবে একের পর এক দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে।’ SHARES খেলাধুলা বিষয়: ফিফাফুটবলবিশ্বকাপলা লিগাহাভিয়ের তেবাস