সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা এখন তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১: ২৭। নারায়ণগঞ্জয়ের সিদ্ধিরগঞ্জের স্থানীয় রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছেন ইদ্রিস হাসান নামের এক ব্যক্তি। বিগত সময়ে প্রকাশ্যে আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় থাকলেও রাজনৈতিক পট-পরিবর্তনের পর তিনি এখন বিএনপিতে যোগ দিয়েছেন। শুধু যোগ দেওয়াই নয়, তিনি সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও পেয়েছেন।

তথ্য অনুযায়ী, ইদ্রিস হাসান ২০২২ সালে জাতীয় শ্রমিক লীগের প্যাডে গঠিত সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের ২৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ২৩ নম্বর সদস্য ছিলেন। এরপর রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেলে ২০২৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের নারায়ণগঞ্জ মহানগর শাখার সিদ্ধিরগঞ্জ থানার পূর্বের আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন ৬৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সেই নতুন কমিটিতেই তাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তার এই পদপ্রাপ্তি নিয়ে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য জুয়েল রানা এই নিয়োগের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ৫ই আগস্টের আগে যারা আওয়ামী লীগ করেছে তারা কীভাবে বিএনপিতে আসে, তা আমার বোধগম্য নয়। তিনি মনে করেন, বিষয়টি মেনে নেওয়া যায় না এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো উচিত।

ইদ্রিস হাসানের এই বিতর্কিত পদপ্রাপ্তির বিষয়ে জানতে তাঁতী দলের নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক মকবুল হোসেন এবং সদস্য সচিব মো. নবী নূরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। অন্যদিকে, তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মজিবুর রহমান জানিয়েছেন যে, তিনি এ বিষয়ে অবগত নন এবং মহানগর কমিটির মাধ্যমে খোঁজ নিচ্ছেন।