ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, ৫০ হাজার টাকায় চুক্তিবদ্ধ যুবক গ্রেপ্তার প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬ রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিপরীত পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় রেজাউল ইসলাম (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ককটেল বিস্ফোরণের জন্য অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে ৫০ হাজার টাকায় চুক্তি হয়েছিল তাঁর। বুধবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ধানমন্ডি ১১/এ নম্বর সড়কের একটি বাসার সামনে। ককটেল বিস্ফোরণের পরপরই রেজাউল ইসলাম গলির ভেতর দিয়ে পালানোর চেষ্টা করেন, তখনই তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে রেজাউল জানান, ১০ থেকে ১২ দিন আগে নিউমার্কেট এলাকার একটি চায়ের দোকানে অজ্ঞাত এক ব্যক্তি তাঁকে আইসিটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর প্রস্তাব দিয়েছিলেন। এই কাজের বিনিময়ে তাঁকে ৫০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। রেজাউলের দেওয়া তথ্যমতে, পরিকল্পনা অনুযায়ী তিনি ২৮ সেপ্টেম্বর ঘটনাস্থল ঘুরে দেখে যান এবং পরে গতকাল মধ্যরাতে সেখানে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। ধানমন্ডি থানা-পুলিশের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। বর্তমানে ককটেল বিস্ফোরণের পেছনে থাকা মূল ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। SHARES জাতীয় বিষয়: অপরাধআইসিটিককটেল বিস্ফোরণগ্রেপ্তারধানমন্ডি