‘ছাগল-কাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার শুরু

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬

‘ছাগল-কাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর আজ সোমবার এই অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৪ সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হলো। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, মতিউর রহমানের আইনজীবী তাঁর জামিন ও মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন। তবে আদালত উভয় আবেদনই নামঞ্জুর করে অভিযোগ গঠনপূর্বক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুনানির সময় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে মতিউর রহমান বলেন, ‘ছাগল–কাণ্ড আমার জীবনে অভিশাপ’।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২৪ সালের ১৫ ডিসেম্বর এই মামলাটি দায়ের করে। তদন্ত শেষে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি মামলার অভিযোগপত্র অনুমোদন দেয় কমিশন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, মতিউর তাঁর দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তিনি ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

এর আগে, ২০২৫ সালের ১৪ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) মতিউর রহমানকে গ্রেপ্তার করে। তখন থেকে তিনি কারাগারেই আছেন। উল্লেখ্য, ২০২৪ সালের কোরবানির ঈদে সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকা প্রাথমিক মূল্যে ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মতিউরের ছেলে ভাইরাল হন। ওই ঘটনার পরই মূলত মতিউর রহমানের অবৈধ সম্পদের বিষয়টি সামনে আসে।