মনোহরদীতে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: 11:30 PM, August 7, 2026

নরসিংদীর মনোহরদীতে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে পরস্পর ফুফাতো ভাই।

নিহতদের একজন নাবিল মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে। অপর শিশু তাওহীদ পার্শ্ববর্তী শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের মো. মাহবুবুর রহমানের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নোয়াদিয়া এলাকার একটি সড়ক দিয়ে ঘুরতে বের হয়েছিল নাবিল ও তাওহীদ। একপর্যায়ে নির্জন ওই সড়কের পাশের একটি ডোবায় পড়ে যায় নাবিল। তাকে টেনে তুলতে গিয়ে তাওহীদও ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর একজনের লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করতে যান। সে সময় দেখা যায়, ভেসে ওঠা শিশুটির হাত ধরে আছে পানির নিচে থাকা অপর শিশুটি। পরে স্থানীয়রা পানির নিচ থেকে দ্বিতীয় শিশুটিকেও উদ্ধার করেন।

উদ্ধারের পর দুই শিশুকে দ্রুত পার্শ্ববর্তী শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, নিহত দুই শিশুর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।