দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তবে অধিদপ্তর নিশ্চিত করেছে যে, এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৭৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট ৮৭৩ জন শিশু প্রাণ হারিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জন হামে আক্রান্ত হয়েছে এবং ৯৮৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ে মোট ১ হাজার ৬৩ জন শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। একই সময়ে ৯৩৮ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ৯৪২ জন শিশু ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩২০ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ১১৫ জন।