কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ প্রাপ্তি কমেছে

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, এবার মোট ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। গত বছর এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী, অর্থাৎ এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। তবে গত বছরের তুলনায় সামগ্রিক পাসের হার বেড়েছে; গত বছর পাসের হার ছিল ৬৩ দশমিক ৬০ শতাংশ।

বোর্ড সূত্রে জানা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের ছয় জেলার ১ হাজার ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট এক লাখ ৪৫ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৫ হাজার ৩৯৯ জন। উত্তীর্ণদের মধ্যে ৩৭ হাজার ২০৩ জন ছাত্র এবং ৫৮ হাজার ১৯৬ জন ছাত্রী। গড় পাসের হারের দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। মেয়েদের গড় পাসের হার ৬৬ দশমিক ৮৮ শতাংশ এবং ছেলেদের ৬৩ দশমিক ২৪ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে আছে; ছাত্রীদের মধ্যে পাঁচ হাজার ৮৪৮ জন এবং ছাত্রদের মধ্যে ৩ হাজার ৯৬৬ জন জিপিএ-৫ পেয়েছে।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২ দশমিক ৮৮ শতাংশ, যেখানে ছেলেদের পাসের হার ৮১ দশমিক ৬৬ শতাংশ এবং মেয়েদের ৮৩ দশমিক ৭৭ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৫০ দশমিক ৬১ শতাংশ—যা সব বিভাগের মধ্যে সর্বনিম্ন; এখানে ছেলেদের পাসের হার ৪৫ দশমিক ০৫ শতাংশ এবং মেয়েদের ৫২ দশমিক ২৫ শতাংশ। এছাড়া বাণিজ্য বিভাগে গড় পাসের হার ৫৭ দশমিক ৪০ শতাংশ, যার মধ্যে ছেলেদের ৫২ দশমিক ৪৪ শতাংশ এবং মেয়েদের ৬৩ দশমিক ৮২ শতাংশ।

এ বছর কুমিল্লা বোর্ডে শতভাগ পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৪টি, যা গত বছর ছিল ২২টি। ফলাফল ঘোষণার সময় বোর্ডের সচিব অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রক মোসা. পাপিয়া আক্তারসহ বোর্ডের অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।