সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ড: ১৬ বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এক শোকবার্তায় এই মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে ১০ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায় বলে তথ্য পাওয়া গেছে। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে প্রাথমিকভাবে ৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিল, যা পরবর্তীতে বেড়ে ১০ জনে দাঁড়ায়। বর্তমানে উপজেলার বিভিন্ন গ্রামে নিহতদের পরিবারের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এছাড়া বাকি ৬ জনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

নিহত বাংলাদেশি নাগরিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শোকের এই সময়ে তাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তারা। এছাড়া এই ঘটনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।