এসএসসি: মানবিক বিভাগে প্রতি ১০০ ছাত্রে ফেল ৫৯ জন

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মানবিক বিভাগে ছেলেদের ফলাফলে বড় ধরনের অবনমন দেখা গেছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, মানবিক বিভাগে ছাত্রদের পাশের হার মাত্র ৪১ দশমিক ১৪ শতাংশ। এর অর্থ হলো, এই বিভাগে পরীক্ষায় অংশ নেওয়া প্রতি ১০০ জন ছাত্রের মধ্যে প্রায় ৫৯ জনই পাশ করতে পারেনি।

সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তিনটি বিভাগের মধ্যে মানবিক বিভাগেই ছাত্রদের পাশের হার সবচেয়ে কম। একই বিভাগে ছাত্রীদের পাশের হার ৫৪ দশমিক ৩৮ শতাংশ, অর্থাৎ ছাত্রীদের ক্ষেত্রেও প্রতি ১০০ জনে প্রায় ৪৬ জন অকৃতকার্য হয়েছে। মানবিক বিভাগে ছাত্র ও ছাত্রীদের পাশের হারের ব্যবধান ১৩ দশমিক ২৪ শতাংশীয় পয়েন্ট, যা নির্দেশ করে যে ছেলেদের তুলনায় মেয়েরা উল্লেখযোগ্যভাবে ভালো ফল করেছে।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, মানবিকের তুলনায় বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ফলাফল অনেক ভালো। বিজ্ঞান বিভাগে ছাত্রদের পাশের হার ৭৭ দশমিক ৩৯ শতাংশ এবং ছাত্রীদের ৮৩ দশমিক ৭০ শতাংশ। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্রদের পাশের হার ৫৯ দশমিক ৯৮ শতাংশ এবং ছাত্রীদের ৬৯ দশমিক ৯২ শতাংশ। অর্থাৎ সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তিন বিভাগেই ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে থাকলেও মানবিক বিভাগে এই ব্যবধান সবচেয়ে বেশি এবং ছাত্রদের পাশের হারও এই বিভাগে সর্বনিম্ন।

সামগ্রিক ফলাফলেও এবার পাশের হার কমেছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার গড় পাশের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ, যা গত বছর ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। এক বছরের ব্যবধানে এই হার ৩ দশমিক ৯৯ শতাংশীয় পয়েন্ট কমেছে। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে এবার সবচেয়ে বেশি পাশের হার ঢাকা বোর্ডে—৭১ দশমিক ৬৩ শতাংশ। এরপর যথাক্রমে যশোরে ৬৬ দশমিক ২৭ শতাংশ, কুমিল্লায় ৬৫ দশমিক ৪২ শতাংশ, রাজশাহীতে ৬৩ দশমিক ৬৭ শতাংশ, বরিশালে ৬০ দশমিক ৩৫ শতাংশ, চট্টগ্রামে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, সিলেটে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮ দশমিক ০৫ শতাংশ এবং ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৯ শতাংশ।

সার্বিকভাবে এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাশের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যেখানে গত বছর এই হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এক বছরের ব্যবধানে সার্বিক পাশের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট। এছাড়া এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী, যা গত বছরের ১ লাখ ৩৯ হাজার ৩২ জনের তুলনায় ২২ হাজার ৩৫৬ জন কম।