এসএসসির ফলাফলে মেধার শতভাগ নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত: মাহ্দী আমিন প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের মেধার শতভাগ নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। সোমবার সকাল ১০টায় সচিবালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বহু বছর ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কৃত্রিমভাবে জিপিএ-৫ বা পাসের হার বাড়িয়ে দেখানোর যে সংস্কৃতি ছিল, সরকার তা থেকে পুরোপুরি বেরিয়ে এসেছে। প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা অনুযায়ী, সরকার এমন এক শিক্ষাব্যবস্থা চায় যেখানে শিক্ষার্থীরা তাদের প্রকৃত যোগ্যতা, দক্ষতা ও সৃজনশীলতা নিয়ে বের হয়ে আসবে। মাহ্দী আমিন জানান, ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষাটি সরকার গঠনের মাত্র দুই মাস পর শুরু হওয়া একটি প্রক্রিয়া। ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এই পরীক্ষায় কেন্দ্রগুলোতে সিসিটিভি এবং বডি-অন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তিনি দাবি করেন, এবার খাতা মূল্যায়নের পুরো প্রক্রিয়াটি শতভাগ নির্ভুলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা যেভাবে পড়াশোনা করেছে, ঠিক সেভাবেই খাতা মূল্যায়ন করা হয়েছে। তিনি পরীক্ষার ফলাফল নিয়ে বিতর্ক না তুলে তা স্বাভাবিকভাবে গ্রহণ করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রমে সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, মাঠ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্যকে তিনি ধন্যবাদ জানান। যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, এটিই জীবনের শেষ সুযোগ নয়। তিনি আশ্বাস দেন যে সরকার সবসময় তাদের পাশে থাকবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দীর্ঘ শাসনে ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাকে পুনর্গঠন ও পুনরুজ্জীবিত করার কাজ চলছে। একাডেমিক কারিকুলামে প্রয়োজনীয় পরিবর্তন, পরিমার্জন ও সংস্কারের কাজ শুরু হয়েছে এবং চারটি নতুন বই অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, শিক্ষা কার্যক্রমে খেলাধুলা ও সংস্কৃতির সমন্বয় এবং প্রযুক্তির যথাযথ ব্যবহারের ওপর জোর দিয়ে তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও নিজেদের ওপর আস্থা রাখার আহ্বান জানান। এছাড়া গণমাধ্যমের প্রতি তিনি গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান, যাতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিক্ষার গুণগত মান আরও উন্নত করা যায়। SHARES শিক্ষা বিষয়: এসএসসি পরীক্ষাএসএসসি ফলাফলমাহ্দী আমিনমেধা মূল্যায়নশিক্ষা মন্ত্রণালয়