ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে মোদির সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬ ঢাকায় তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে নয়াদিল্লি ফিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে নয়াদিল্লির একটি কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। এর আগে, ঢাকায় অবস্থানকালে দীনেশ ত্রিবেদী ধারাবাহিক বৈঠকের মাধ্যমে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গঠনমূলক আলোচনার উদ্যোগ নিয়েছিলেন। গত রোববার ঢাকার স্টেট গেস্ট হাউস পদ্মায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এরপর সোমবার সচিবালয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। তিনি বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী’ দৃষ্টিভঙ্গিতে কাজ করার বিষয়ে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। বৈঠকে জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে নিরাপত্তা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। হাইকমিশনার এ সময় পারস্পরিক সুবিধা ও সংবেদনশীলতার ভিত্তিতে সব ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর জোর দেন। SHARES অন্যান্য বিষয়: কূটনীতিঢাকাদীনেশ ত্রিবেদীনরেন্দ্র মোদিনয়াদিল্লিবাংলাদেশ ভারত সম্পর্ক