আনোয়ারায় চাঁদা না পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও প্রকৌশলীকে মারধর

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬

চট্টগ্রামের আনোয়ারায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে। উপজেলার বৈরাগ ইউনিয়নের রাঙাদিয়া এলাকায় আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত ব্যক্তিরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এফএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন এবং ওই প্রতিষ্ঠানের প্রকৌশলী শাহরিয়ার আমির। ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত প্রকৌশলী শাহরিয়ার আমির অভিযোগ করেন, আলী হোসেন নামের এক ব্যক্তি নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। ব্যবসা সচল রাখতে হলে ব্যবসার ৫০ শতাংশ লভ্যাংশ তাঁকে দিতে হবে বলে দাবি করেন তিনি। কিন্তু এই অনৈতিক দাবিতে রাজি না হওয়ায় আজ সকালে আলী হোসেনের নেতৃত্বে একদল লোক দেশি অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের পথ রোধ করে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে শাহরিয়ার আমির ও দেলোয়ার হোসেন গুরুতর আহত হন।

মেসার্স এফএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে আলী হোসেনের যন্ত্রণায় অতিষ্ঠ। সর্বশেষ আজ আমাদের ওপর হামলা করা হলো।’ তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আলী হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।

এদিকে আলী হোসেনের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমদ জানান, আলী হোসেন নামের ওই ব্যক্তি যুবদলের কোনো পদ-পদবিতে নেই। এমনকি চাঁদা দাবির বিষয়েও তিনি কিছুই জানেন না বলে উল্লেখ করেন।

আইনগত ব্যবস্থার বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি অভিযুক্ত আলী হোসেনের বাড়িতেও অভিযান চালানো হয়েছে, তবে তিনি ঘরে ছিলেন না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।