পল্লী বিদ্যুতের অফিসে হামলার আশঙ্কায় নিরাপত্তা চেয়ে পুলিশের সহায়তা

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬

তীব্র তাপদাহ ও জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দেশজুড়ে লোডশেডিংয়ের পরিমাণ বেড়েছে। এই পরিস্থিতির প্রভাব বিশেষ করে গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকাগুলোতে বেশি দেখা যাচ্ছে। অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং দেশের বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুৎ সমিতির অফিস ও উপকেন্দ্রগুলোতে হামলার ঘটনাও ঘটছে।

এমন পরিস্থিতিতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন (বাপবিএ)। গত বুধবার (১২ আগস্ট) এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। বাপবিএর দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান চিঠিতে স্বাক্ষর করেছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রিড, উপকেন্দ্র ও অফিসগুলোর নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় সরবরাহ কমেছে, যার ফলে সৃষ্ট জনরোষ থেকে বিদ্যুৎ বিভাগের স্থাপনাগুলো রক্ষার জন্য পুলিশি সহায়তা চাওয়া হয়েছে।