সিলেটে প্রেমের জেরে তিনজনকে একাই হত্যা করেছে রংমিস্ত্রি বাবুল

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬

সিলেটের রায়নগরে গৃহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকে তিনজনকে একাই হত্যা করেছে রংমিস্ত্রি বাবুল মিয়া। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একাই এই তিনটি খুন করার কথা স্বীকার করেছে।

এই ঘটনা নিয়ে সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি জানান, নিহত গৃহকর্তা আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগমের সঙ্গে বাবুলের আগে থেকেই জানাশোনা ছিল। কাজের সুবাদে সে প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করত। এরই একপর্যায়ে ওই বাসার গৃহকর্মী তাহমিনার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পুলিশ কমিশনার আরও জানান, ঘটনার দিন সকালে বাবুল ওই বাড়িতে যায় এবং গৃহকর্মী তাহমিনা দরজা খুলে দেয়। এরপর বাবুল সরাসরি তাহমিনার ঘরে গিয়ে তার সঙ্গে কথা কাটাকাটিতে লিপ্ত হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সে ছুরি দিয়ে তাহমিনাকে হত্যা করে। তাহমিনার চিৎকার শুনে গৃহকর্ত্রী সুরাইয়া বেগম তাকে বাঁচাতে এগিয়ে এলে বাবুল তাকেও ছুরিকাঘাত করে খুন করে। সবশেষে সে আব্দুস সাত্তারকেও হত্যা করে।

তদন্তে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গৃহকর্মীর চিৎকার শুনে সুরাইয়া বেগম যখন এগিয়ে যাচ্ছিলেন, তখন তারও চিৎকার শোনা যায়। পুলিশ জানিয়েছে, তিনজনকে হত্যার পর বাবুল ওই বাসার বারান্দা দিয়ে পালিয়ে যায়। পালানোর সময় পাশের একটি ফ্ল্যাটের ফাঁকা জায়গায় সে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি ফেলে দেয়। গ্রেপ্তার হওয়া বাবুল মিয়া রায়নগর এলাকার আক্তার মিয়ার কলোনির বাসিন্দা এবং তার বাবার নাম মৃত নূর মিয়া।