ইসলামি জীবন গড়তে রাজনীতি ছাড়ার ঘোষণা গাজীপুরের আ. লীগ নেতা মামুনের প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল দলটির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাসহ একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। বুধবার বিকেলে আদালত থেকে কারাগারে নেওয়ার উদ্দেশ্যে প্রিজনভ্যানে তোলার সময় তিনি এই ঘোষণা দেন। জানা গেছে, ২০২৫ সালের ১৭ জানুয়ারি ঢাকার উত্তরার রূপায়ণ এলাকা থেকে আব্দুল্লাহ আল মামুন মন্ডলকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি গাজীপুর জেলা কারাগারে বন্দি আছেন। বুধবার সকালে তাকে গাজীপুরের আদালতে হাজির করা হয়। পরবর্তীতে বিকেলে তাকে আদালত ভবনের গারদখানা থেকে বের করে প্রিজনভ্যানে তোলার সময় তিনি রাজনীতি ছাড়ার এই ঘোষণা দেন। হাতকড়া পরা অবস্থায় প্রিজনভ্যানে ওঠার আগে হঠাৎ দাঁড়িয়ে সকলের সামনে তার দেওয়া এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে মামুন মন্ডলকে বলতে শোনা যায়, ‘আমি দেশবাসীর সকলের কাছে ক্ষমা চাই। আজ থেকে আওয়ামী লীগের সকল পদপদবি থেকে আমি অব্যাহতি নিয়েছি। আমি আর কোনদিন আওয়ামী লীগ করব না। আমি ইসলামিকভাবে নিজেকে গড়ে তুলতে চাই। সবাই দোয়া রাখবেন, আমার জন্য দোয়া করবেন।’ উল্লেখ্য, ২০২৪ সালের ৪ জুলাই ঘোষিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে মামুন মন্ডল সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। এর আগে তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের টানা দুইবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। এছাড়া আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত মামুন মন্ডল ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্র সংসদে ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে স্থানীয় রাজনীতিতে সক্রিয় হয়ে কাউন্সিলর নির্বাচিত হন এবং ২০২৪ সালে সাংগঠনিক সম্পাদকের পদ পাওয়ার পর তার রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হয়ে ওঠে। SHARES অন্যান্য বিষয়: আওয়ামী লীগগাজীপুরগাজীপুর মহানগর আওয়ামী লীগপ্রিজনভ্যানবৈষম্যবিরোধী আন্দোলনমামুন মন্ডলরাজনীতি থেকে অব্যাহতি