তরুণ শিক্ষকদের গবেষণামুখী করতে নতুন উদ্যোগ নিচ্ছে ইউজিসি

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬

তরুণ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের গবেষণামুখী করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। বুধবার (১২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত ‘দ্য মডার্ন সোশ্যাল সায়েন্টিস্টস: ন্যাভিগেটিং রিসার্চ, টিচিং অ্যান্ড একাডেমিক গ্রোথ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ এই কর্মশালার আয়োজন করেছিল।

অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন জানান, উচ্চশিক্ষার ক্ষেত্রে জ্ঞান ও দক্ষতাভিত্তিক শিক্ষার নিশ্চয়তা দিতে বর্তমানে ‘হিট’ প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। তরুণ শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে প্রশিক্ষণের পাশাপাশি গবেষণা অনুদান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য অর্থ বরাদ্দ এবং ফ্যাকাল্টি এক্সচেঞ্জ কর্মসূচিতে তরুণ শিক্ষকদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সামার স্কুল ও ইয়ং স্কলার্স প্রোগ্রামের মতো কর্মসূচিতেও তাদের সম্পৃক্ত করার প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, সরকার একটি জ্ঞান ও দক্ষতাভিত্তিক সমাজব্যবস্থা গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে, যেখানে তরুণ শিক্ষকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাদের দক্ষতা বৃদ্ধি করা সম্ভব হলে গবেষণা ও উচ্চশিক্ষার মান আরও উন্নত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মান ও মর্যাদা বৃদ্ধির জন্য শিক্ষকদের আন্তর্জাতিক মানের গবেষণায় মনোযোগী হতে হবে। গবেষণাপত্র প্রকাশের পাশাপাশি সাইটেশন বাড়ানোর দিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি আরও উল্লেখ করেন, মানসম্মত গবেষণার মাধ্যমেই আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বৃদ্ধি পায় এবং বৈশ্বিক র‌্যাঙ্কিংয়েও এর ইতিবাচক প্রভাব পড়ে। অধ্যাপক আবদুস সালাম গবেষণার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা ও তহবিল সংগ্রহের ওপর জোর দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।