দেশের বাজারে রেমিট্যান্সের ডলারের দাম কমল ১ টাকা প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬ দেশের বাজারে ডলারের দামে স্বস্তি ফিরেছে। এক সপ্তাহের ব্যবধানে রেমিট্যান্সের ডলারের দাম ১ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক ১২২.৭০ টাকা দরে ডলার ক্রয় করেছে, যা আগের সপ্তাহে ১২৩.৬০ থেকে ১২৩.৭০ টাকা দরে ছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকগুলোতে নিট ওপেন পজিশন (এনওপি) দীর্ঘমেয়াদে নির্ধারিত সর্বোচ্চ সীমার কাছাকাছি থাকায় বাজারে ডলারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ব্যাংকগুলোর হাতে বর্তমানে পর্যাপ্ত ডলার মজুদ থাকায় তারা চড়া দামে রেমিট্যান্স কিনতে আগ্রহী হচ্ছে না। একই কারণে, ব্যবসায়ী গ্রুপগুলোকে তুলনামূলক কম দামে এলসি নিষ্পত্তির সুবিধা দিচ্ছে ব্যাংকগুলো। রেমিট্যান্স প্রবাহ বাড়ার ফলে আমদানিকারকদের এলসি নিষ্পত্তির খরচও হ্রাস পেয়েছে, যা সামগ্রিক বাণিজ্যে নতুন গতি সঞ্চার করেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, বাজারে ডলারের এই সরবরাহ বজায় থাকলে আগামী সপ্তাহে এলসি নিষ্পত্তির ব্যয় আরও কমতে পারে, যা দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। SHARES অর্থনীতি বিষয়: অর্থনীতিডলারের দামবাংলাদেশ-ব্যাংকব্যাংকিংরেমিট্যান্স