জাপানে রেকর্ড বৃষ্টি ও বন্যায় ৪ জনের মৃত্যু, নারিতায় ভোগান্তি প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬ জাপানের টোকিও ও এর আশপাশের অঞ্চলে আঘাত হেনেছে নজিরবিহীন ভারি বর্ষণ ও আকস্মিক বন্যা। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। শুক্রবার চিবা প্রিফেকচারের বিভিন্ন এলাকায় সড়ক ও রেললাইন তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়া হাজার হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চিবা প্রিফেকচারের বিভিন্ন অঞ্চলে ৩৬০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানিতে ডুবে থাকা গাড়ির ভেতর আটকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। চিবার গভর্নর তোশিহিতো কুমাগাই জানিয়েছেন, তিনি অতীতে বহু দুর্যোগ মোকাবেলা করলেও এমন ভয়াবহ ও নজিরবিহীন পরিস্থিতি আগে কখনো দেখেননি। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত ২২ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। চিবা শহরের শত শত ক্ষতিগ্রস্ত বাসিন্দা সরকারি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাত কাটাতে বাধ্য হয়েছেন। পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ায় রাজধানী টোকিওর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর নারিতায় প্রায় সাত হাজার যাত্রী আটকা পড়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রেল ও সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ থাকায় এই যাত্রীরা টার্মিনালে আটকা পড়েন। তাদের মধ্যে খাবার, পানি ও কম্বল বিতরণ করা হয়েছে। তবে বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। SHARES পরিবেশ ও জলবায়ু বিষয়: চিবাজাপানটোকিওদুর্যোগনারিতা বিমানবন্দরবন্যা