শিগগিরই জনপ্রশাসন ও গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করবে সরকার

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬

জনপ্রশাসনকে ঢেলে সাজানোর লক্ষ্যে খুব দ্রুতই ‘জনপ্রশাসন সংস্কার কমিশন’ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। সোমবার দুপুরে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ‘শাপলা’য় আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। নজরুল ইসলাম খান বলেন, প্রশাসনিক সংস্কার কমিশনকে যারা সহায়তা করবেন, তাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তবে তা দূর না করে কমিশন গঠন করলে ভালো কাজ হবে না। এ কারণে কিছুটা সময় লাগছে, তবে শিগগিরই কমিশন গঠন করা হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরকার সরে আসেনি, বরং সেই লক্ষ্যেই কাজ করছে। তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে কিছু প্রক্রিয়া শুরু হয়েছে। ইসমাইল জবিহউল্লাহ আরও বলেন, আগের সরকারের অনুগত কিছু ব্যক্তি এখনো প্রশাসনে রয়ে গেছেন। তাঁদের চিহ্নিত করে সেসব জায়গা পরিষ্কার করার চেষ্টা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, এমন কিছু করা যাবে না যাতে দেশ ও জাতির ক্ষতি হয়। প্রশাসনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, সেখান থেকেও বেরিয়ে আসতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেওয়া জনপ্রশাসন সংস্কারের প্রতিবেদনটিও তাদের নজরে রয়েছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে কমিশন গঠন করা হবে।

গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কমিশন গঠনে সরকার ও অংশীজনদের মধ্যে কোনো অমিল নেই। প্রধানমন্ত্রীর সঙ্গে গণমাধ্যমের যাঁরা কথা বলেছেন, তাঁরা এই প্রথম কোনো সরকারি নিয়ন্ত্রণ ও প্রভাব অনুভব না করার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তথ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে অংশীজনদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা প্রায় শেষ পর্যায়ে। এখন একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে, যারা জাতীয় কর্মপরিকল্পনার খসড়া তৈরি করবে এবং পরবর্তীতে তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

অনুষ্ঠানে সরকারের ১৮০ দিনের কার্যক্রম ও সাফল্যের পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। এতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বক্তব্য দেন। এ ছাড়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আবদুল আউয়ালসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।