জাতিসংঘের আল-কায়েদা বিষয়ক প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনটি অনুমাননির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিবেদনটি সম্পর্কে তিনি বলেন, ‘আমি শুনেছি, সেটা পড়িনি। ওখানে হয়তো কিছু পর্যবেক্ষণ দিতে পারে। আমি না দেখে বলতে পারবো না।’

সরকার এই প্রতিবেদন আমলে নিচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমলে নিচ্ছি না। রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া, পত্রিকা থেকে যতটুকু শুনেছি, ওখানে বলা হয়েছে- তারা অনুমান করেছে যে, এ রকম হতে পারে। অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর আমরা নির্ভর করতে পারি না।’

এ সময় তিনি বিএনপি সরকারের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন খাতে অর্জিত সাফল্য তুলে ধরেন। গত ছয় মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টি জনগণই বলবে। তিনি আরও বলেন, ‘আমরা তো সবসময় বলব- আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি। তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র ছয় মাস পার হলো। এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ আপনারা দেখতে পেয়েছেন।’ তিনি আরও উল্লেখ করেন, গত ১৮০ দিনের মধ্যে সরকার যেসব কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং যেসব শুরু করেছে, তার অনেকগুলোই প্রশংসিত হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার একটি সংকটময় মুহূর্ত অত্যন্ত সফলতার সঙ্গে মোকাবিলা করেছে।