এআই ছবির দৃশ্যমান ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিতে যাচ্ছে গুগল

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬

এআই প্রযুক্তিতে তৈরি ছবি ও ভিডিও থেকে দৃশ্যমান ওয়াটারমার্ক সরানোর বিশেষ সুযোগ নিয়ে আসছে গুগল। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট জশ উডওয়ার্ড জানিয়েছেন, গুগলের ন্যানো বানানা, ওমনি এবং লিরিয়া মডেলে এই সুবিধা যুক্ত করতে একটি নতুন টগল বা সুইচ চালু করা হবে। পরবর্তী পর্যায়ে জেমিনি এবং ভিডিও এডিটিং প্ল্যাটফর্ম ফ্লোতেও এই ফিচারটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে গুগল তাদের এআই মডেলে তৈরি কনটেন্ট শনাক্তকরণের জন্য ছবিতে ও ভিডিওতে একটি পরিচিত ‘স্পার্কল’ আইকন প্রদর্শন করে। নতুন এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা চাইলে এই দৃশ্যমান চিহ্নটি সরিয়ে কনটেন্ট তৈরি করতে পারবেন। তবে এই সিদ্ধান্ত এআই কনটেন্ট শনাক্তকরণের ক্ষেত্রে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, দৃশ্যমান এই ওয়াটারমার্ক সাধারণ ব্যবহারকারীদের জন্য এআই-নির্মিত কনটেন্ট চেনার একটি সহজ উপায়। এটি সরিয়ে ফেলার সুযোগ থাকলে সাধারণ চোখের জন্য এআই কনটেন্ট শনাক্ত করা আরও কঠিন হয়ে পড়বে।

তবে গুগল জানিয়েছে, দৃশ্যমান চিহ্ন সরানোর সুযোগ দেওয়া হলেও তাদের অদৃশ্য ‘সিন্থআইডি’ ওয়াটারমার্ক এবং ‘সিটুপিএ’ মেটাডেটা অক্ষত থাকবে। এই অদৃশ্য নিরাপত্তা ব্যবস্থাগুলো বন্ধ করার কোনো সুযোগ থাকবে না। তবে সিন্থআইডি বা সিটুপিএ তথ্য যাচাই করতে ব্যবহারকারীকে বাড়তি পদক্ষেপ নিতে হবে, যেমন কোনো চ্যাটবটকে জিজ্ঞাসা করা অথবা নির্দিষ্ট পোর্টালে কনটেন্ট আপলোড করে যাচাই করা। ফলে দৃশ্যমান চিহ্নের মতো তাৎক্ষণিকভাবে কনটেন্টের উৎস বোঝার সুযোগ আর থাকবে না।

উডওয়ার্ড আরও জানান, যেসব দেশে আইনগতভাবে দৃশ্যমান ওয়াটারমার্ক বাধ্যতামূলক, সেসব এলাকা ছাড়া বিশ্বের প্রায় সব দেশেই এই নতুন সুবিধাটি চালু করা হবে। উদাহরণস্বরূপ, ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি এআই স্বচ্ছতা নিয়ে কঠোর নিয়ম চালু করেছে, যেখানে বাস্তব বলে মনে হতে পারে এমন ডিপফেক কনটেন্টে দৃশ্যমান ওয়াটারমার্ক রাখা বাধ্যতামূলক। তাই ইউরোপের দেশগুলোতে গুগলের এই সুবিধা পাওয়া যাবে না। দক্ষিণ কোরিয়াতেও এআই কনটেন্টের দৃশ্যমান লেবেলিং নিয়ে একই ধরণের বাধ্যবাধকতা রয়েছে।

গুগলের দাবি, সৃজনশীল স্বাধীনতা এবং নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এই পরিবর্তন আনা হচ্ছে। যারা সৃজনশীল কাজে এআই ব্যবহার করেন, তাদের জন্য অনেক সময় দৃশ্যমান ওয়াটারমার্ক অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে, প্রযুক্তি শিল্পে এআই কনটেন্টের স্বচ্ছতা ও শনাক্তকরণ নিয়ে বিভিন্ন উদ্যোগ দেখা যাচ্ছে। মিউজিক জেনারেশন প্ল্যাটফর্ম সুনো সম্প্রতি তাদের ‘ট্রান্সপারেন্সি টুলস’ চালুর ঘোষণা দিয়েছে এবং অ্যানথ্রপিক তাদের ক্লড মডেলে অদৃশ্য সিটুপিএ-ভিত্তিক ওয়াটারমার্ক যুক্ত করার কথা জানিয়েছে। সব মিলিয়ে গুগলসহ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন দৃশ্যমান লেবেলের পাশাপাশি অদৃশ্য প্রযুক্তি ও মেটাডেটার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।