কর্নাটক থেকে আটক ২১ কথিত বাংলাদেশিকে পুশব্যাকের জন্য পশ্চিমবঙ্গে স্থানান্তর প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬ ভারতের কর্নাটক রাজ্যের ব্যাঙ্গালুরুতে গত মাসে আটক ২১ জন কথিত সন্দেহভাজন বাংলাদেশিকে কঠোর পুলিশি পাহারায় ট্রেনে করে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়েছে। তাদের বিএসএফের হাতে তুলে দেওয়ার জন্য মালদহ সীমান্তে আনা হয়েছে। বিএসএফের তত্ত্বাবধানে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে বলে জানা গেছে। গত মাসে ম্যাঙ্গলুরু সিটি পুলিশ সুরাতকাল ও উরওয়া থানা এলাকার মুক্কা এবং কোডিকাল নামক দুটি নির্মাণাধীন এলাকা থেকে এই ২১ জনকে আটক করেছিল। তাদের বিরুদ্ধে ভুয়া নথিপত্র ব্যবহার করে নির্মাণকাজে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। একই সাথে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা উত্তর ভারতের বিভিন্ন রাজ্য থেকে শ্রমিকদের পাশাপাশি বাংলাদেশি নাগরিকদেরও ম্যাঙ্গলুরুতে এনে নির্মাণকাজে নিয়োজিত করতেন। তদন্তকারী কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা প্রায় তিন মাস আগে পাসপোর্ট বা ভিসা ছাড়াই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তদন্তকালে পুলিশ নিশ্চিত হয়েছে যে, তারা মুর্শিদাবাদের ঠিকানা ব্যবহার করে আধার কার্ডে নিজেদের ছবি বসিয়ে ভুয়া পরিচয়পত্র তৈরি করেছিলেন। এখন বিএসএফের মাধ্যমে তাদের ডিপোর্ট বা পুশব্যাকের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। SHARES অন্যান্য বিষয়: অভিবাসনকর্নাটকপশ্চিমবঙ্গপুশব্যাকবাংলাদেশিবিএসএফ