সন্দ্বীপে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি ও লাখ টাকা লুট প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬ চট্টগ্রামের সন্দ্বীপে দোকানে ঢুকে আকবর হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তুলাতলী বাজারে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নিজাম (৪৭) নামের আরও একজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ আকবরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলার স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, আহত নিজামকে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসাধীন আকবরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার স্বজনরা। চমেক হাসপাতালে দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন জানান, আকবর হোসেনের ডান হাতের বাহুতে গুলি লেগেছে। চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার শরীর থেকে গুলিটি বের করবেন। হাসপাতালে চিকিৎসাধীন আকবর হোসেন জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই তার ওপর হামলা চালিয়ে গুলি করা হয়। তিনি অভিযোগ করেন, হামলার সময় হামলাকারীরা তার দোকান থেকে প্রায় এক লাখ টাকা লুট করে নিয়ে গেছে। হামলার ঘটনায় তিনি পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার, খোকন ও স্বাধীনসহ কয়েকজনকে শনাক্ত করতে পেরেছেন বলে দাবি করেছেন। SHARES জাতীয় বিষয়: চট্টগ্রামডাকাতিব্যবসায়ী গুলিবিদ্ধসন্দ্বীপসন্দ্বীপে হামলাস্বেচ্ছাসেবক দল