মিড-ডে মিলের খাবারের মান নিয়ে আপস নয়: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত মিড-ডে মিলের খাবারের গুণগত মান ও পুষ্টি নিশ্চিত করার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বৈঠকে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্যের সুরক্ষায় খাবারের মান নিয়ে কোনোভাবেই আপস করা যাবে না।

বৈঠকে ট্রাস্টের চলমান কার্যক্রম, এর লক্ষ্য এবং ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষাজীবনে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে ট্রাস্টের ভূমিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে চালু হওয়া সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির অর্জন ও প্রভাব নিয়ে পর্যালোচনার সুযোগ তৈরি হয়। ওই সময় মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং বাল্যবিবাহ রোধে এই কর্মসূচির ইতিবাচক ভূমিকা উঠে আসে। এই অভিজ্ঞতার আলোকে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য পুনরায় সার্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে ব্যয়, উপকারভোগীর সংখ্যা এবং শিক্ষাগত প্রভাব বিশ্লেষণের মাধ্যমে একটি সুস্পষ্ট প্রস্তাব তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি প্রদানের বিষয়টিও আলোচনায় স্থান পায়।

মিড-ডে মিল কার্যক্রমকে শিক্ষার মানোন্নয়নের অন্যতম অনুষঙ্গ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী এর ব্যবস্থাপনা ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এই কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে ব্যয়, স্থানীয় অংশগ্রহণ এবং ব্যবস্থাপনার দক্ষতা বিবেচনায় রেখে দুটি ভিন্ন পদ্ধতি নিয়ে বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এই পদ্ধতিগুলোর বাস্তবায়নযোগ্যতা ও কার্যকারিতা যাচাইয়ের লক্ষ্যে পৃথক দুটি জেলায় পাইলট প্রকল্প শুরুর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও মুখপাত্র মাহ্‌হদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।