নারী এশিয়া কাপে ফাইনাল খেলার লক্ষ্য বাংলাদেশ অধিনায়কের প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬ চলতি মাসের শেষ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হতে যাচ্ছে নারী এশিয়া কাপের নতুন আসর। এই টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশ ছাড়ার আগে সোমবার মিরপুর হোম অব ক্রিকেটে দলীয় ফটোসেশনে অংশ নেন ক্রিকেটার ও কর্মকর্তারা। অনুশীলন সেশন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি বলেন, প্রস্তুতি অনেক ভালো হয়েছে। যেহেতু ওখানে সবগুলো ম্যাচ আন্ডার লাইট বা কৃত্রিম আলোয় অনুষ্ঠিত হবে, তাই মিরপুরে আমরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। আমার মতে প্রস্তুতির দিক থেকে আমরা খুব ভালো অবস্থায় আছি। এশিয়া কাপে এবার বাংলাদেশের মূল লক্ষ্য ফাইনাল খেলা। বারবার সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার আক্ষেপের কথা জানিয়ে জ্যোতি বলেন, আমরা বারবার সেমিফাইনাল খেলি, কিন্তু সেখান থেকে বাদ পড়ে ফিরে আসি। আমরা এবার এই বাধা ভাঙতে চাই। সেমিফাইনাল পার হতে পারলে ফাইনাল খেলার ইচ্ছা রয়েছে এবং ফাইনাল খেলতে পারলে শিরোপা জয়ের একটি সুযোগ তৈরি হবে। ধাপে ধাপে আমরা আমাদের পরিকল্পনা সাজাচ্ছি। টুর্নামেন্ট শেষে এশিয়ান গেমস নিয়েও নিজেদের লক্ষ্যের কথা জানান টাইগ্রেস কাপ্তান। তিনি বলেন, এশিয়ান গেমসে আমাদের প্রথম লক্ষ্য পদক জয়। গতবার আমরা ব্রোঞ্জ পেয়েছিলাম, ২০১০ সালে রৌপ্য পদক ছিল, এছাড়া এসএ গেমসেও ব্রোঞ্জ পেয়েছি। মানুষের অনেক প্রত্যাশা রয়েছে আমাদের দলের ওপর। আমরা একটি পদক নিয়ে আসতে চাই এবং যদি সেটি স্বর্ণ হয় তবে তা আরও বড় অর্জন হবে। SHARES খেলাধুলা বিষয়: ক্রিকেটখেলাধুলানারী এশিয়া কাপনিগার সুলতানা জ্যোতিবাংলাদেশ নারী ক্রিকেট দল