শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) উদ্যোগে এবং ‘কিউট’ ব্র্যান্ডের পৃষ্ঠপোষকতায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬। কার্নিভালের উদ্বোধনী দিনে ‘হোম অব বিএসপিএ’তে ক্যারাম ইভেন্টের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্নিভালের উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) ও জাতীয় দলের সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী এবং কিউট-এর নির্বাহী পরিচালক মিসেস আসমা আশরাফী সাকলাইন। উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বিএসপিএ’র যুগ্ম-সম্পাদক ফয়সাল তিতুমীর।

এবারের কার্নিভালে বিএসপিএ’র শতাধিক সদস্য মোট ৮টি ইভেন্টের ১২টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছেন। ডিসিপ্লিনগুলোর মধ্যে রয়েছে আর্চারি, ক্যারম (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স (১০০ মিটার ও শটপুট), কার্ড গেম (কলব্রিজ ও টোয়েন্টি নাইন) এবং শুটিং। ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের বিভিন্ন ভেন্যুতে এই সকল খেলা অনুষ্ঠিত হবে।

স্বাগত বক্তব্যে বিএসপিএ’র সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ কার্নিভালের রোমাঞ্চ উপভোগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি সরকার এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ক্রীড়া উন্নয়নে কিউট ভবিষ্যতেও কাজ অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন মিসেস আসমা আশরাফী সাকলাইন। অন্যদিকে, জাহেদ পারভেজ চৌধুরী সরকারের পক্ষ থেকে বিএসপিএ’র এই আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএসপিএ’র সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক মল্লিক ও মো. সামন হোসেন, আজীবন সদস্য সেলিম নজরুল হক, অর্থ সম্পাদক শাহজাহান কবির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন রাসেল এবং ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহিদুল আলমসহ সংগঠনের অনেক সদস্য উপস্থিত ছিলেন।