বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৫ জেলের লাশ উদ্ধার

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বরগুনার পাথরঘাটার মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর সমুদ্র থেকে তাদের লাশগুলো উদ্ধার করা হয়।

ট্রলারটির মালিক ও মাঝি বাদল মোল্লা জানান, উদ্ধারকারী ট্রলারটি পাঁচ জেলের লাশ নিয়ে উপকূলের দিকে ফিরছে। পাথরঘাটায় পৌঁছাতে তাদের প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে। এর আগে সোমবার দুপুরের দিকে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার সময় ট্রলারটিতে ১৩ জন জেলে ছিলেন। ঘটনার পরপরই আট জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও পাঁচজন নিখোঁজ ছিলেন।

নিখোঁজ থাকা পাঁচ জেলে হলেন—নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)। তাদের সবার বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে বেঁচে যাওয়া ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, সে সময় সাগরে প্রচণ্ড ঝড় ও তুফান চলছিল। জাল ফেলার প্রস্তুতির আগে ক্লান্ত কয়েকজন জেলে ট্রলারের ব্রিজের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রবল ঝড় ও ঢেউয়ের আঘাতে ট্রলারটি উলটে যায়। এরপর আট জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য একটি মাছ ধরার ট্রলারে উঠে প্রাণে বাঁচেন।

নিখোঁজ জেলেদের সন্ধানে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে সমুদ্রে একটি ট্রলার পাঠানো হয়েছিল। সেই উদ্ধার অভিযানের মাধ্যমেই শেষ পর্যন্ত পাঁচ জেলের লাশের সন্ধান পাওয়া যায়।

পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম বলেন, পাঁচজন জেলেকে উদ্ধার করা হয়েছে বলে শুনেছি, তবে আমি এখনো লাশগুলো দেখিনি। খবর পেয়ে আমি বর্তমানে বাদুরতলা এলাকায় অবস্থান করছি। লাশগুলো পৌঁছালে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।