ঝিনাইদহে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২৬

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার মাধবপুর গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন মাধবপুর গ্রামের কৃষক অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) এবং তার স্ত্রী মিনাক্ষি রানী ভৌমিক (৬৫)। অমরেন্দ্র নাথ ভৌমিক ওই গ্রামের প্রয়াত ক্ষুদিরাম ভৌমিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে গবাদিপশুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে অমরেন্দ্র নাথ ভৌমিক মেশিনটি চালু করেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাকে বাঁচাতে এগিয়ে আসেন স্ত্রী মিনাক্ষি রানী। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীসহ মাটিতে পড়ে যান।

পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাদের উদ্ধার করেন এবং শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, মাধবপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর তারা পেয়েছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।