জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা হিসেবে পরিচিত, আজ তার ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করা এই কবি ডাকনামে ‘দুখু মিয়া’ হিসেবে পরিচিত ছিলেন। শৈশবের কঠিন দারিদ্র্য জয় করে তিনি তার ২৩ বছরের সৃষ্টিশীল জীবনে অসংখ্য কালজয়ী সাহিত্যকর্ম উপহার দিয়েছেন। নজরুল তার লেখায় সাম্য, মানবতা, প্রেম, স্বাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী বার্তা ফুটিয়ে তুলেছেন। তার কবিতা ও গান ব্রিটিশবিরোধী আন্দোলনে প্রতিরোধের চেতনা সঞ্চার করেছিল। চির প্রেমের কবি নজরুল যৌবনের দূত হিসেবে পরিচিত হলেও তার বিদ্রোহী রূপটি সমধিক পরিচিত। তিনি বাংলা সংগীতজগতকে সমৃদ্ধ করতে অসংখ্য রাগ-রাগিনী সৃষ্টি করেছেন। স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৪ মে ভারত সরকারের অনুমতি সাপেক্ষে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে আনা হয় এবং তাকে জাতীয় কবির মর্যাদা প্রদান করা হয়। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডি-লিট উপাধিতে ভূষিত করে। পরবর্তীতে ১৯৭৬ সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন এবং একই বছরের ২১ ফেব্রুয়ারি একুশে পদকে ভূষিত হন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আগামী এক বছরকে অর্থাৎ ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে 'নজরুল বর্ষ' হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষ্যে এবারের মৃত্যুবার্ষিকীতে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বছরব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। SHARES জাতীয় বিষয়: কাজী নজরুল ইসলামজাতীয় কবিনজরুল বর্ষবিদ্রোহী কবিমৃত্যুবার্ষিকী