চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরে 'মরা' নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার বিষয়টি স্থানীয়দের বরাতে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হাসান।

নিহত শিশুরা হলো— মো. মাসুদের মেয়ে সুমাইয়া ও আরিবা, নেমাজের মেয়ে সুমি ও সুরাইয়া এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা।

স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম হাম্মাদ জানান, শুক্রবার জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ মানুষ মসজিদে ছিলেন। এই সুযোগে শিশুরা কাউকে কিছু না জানিয়ে চর চাকলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া 'মরা' নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।

উল্লেখ্য, পদ্মা নদীর শাখা এই 'মরা' নদীটি সম্প্রতি বৃষ্টি ও পদ্মা নদীর পানি বাড়ার কারণে পানিতে ভরে গিয়েছিল। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন।