চাঁদা না পেয়ে হামলা, এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদকে অপহরণের চেষ্টা ও হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে দলটির জেলা পর্যায়ের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৯টার দিকে কুলাউড়া পৌর শহরের বিছরাকান্দি এলাকায়। ভুক্তভোগী তামিম আহমদ রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াকে প্রধান আসামি করে মোট ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে পুলিশ এহসান জাকারিয়া, তোফায়েল আহমেদ, সাহেল আহমেদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়াকে গ্রেপ্তার করেছে। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, দলীয় বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে তামিম আহমদের পূর্ববিরোধ ছিল। অভিযোগে উল্লেখ করা হয়, জেলা কমিটিতে নাম অন্তর্ভুক্তির জন্য এহসান জাকারিয়া তামিমের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তামিমকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ছাড়া অভিযুক্তদের কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণেও তাকে হুমকি দেওয়া হয়েছিল।

ঘটনার রাতে তামিম মৌলভীবাজার থেকে বড়লেখার দিকে যাওয়ার পথে বিছরাকান্দি এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করেন। এ সময় এহসান জাকারিয়া পুনরায় পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার নেতৃত্বে তামিমকে জোরপূর্বক অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় তামিমকে উদ্ধারে তার সঙ্গে থাকা ব্যক্তিরা এগিয়ে এলে অভিযুক্তরা ধারালো অস্ত্রসহ হামলা চালায়। এতে তামিমসহ সাতজন আহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।