গণপতি চক্রবর্তী হত্যা: আসামিদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা আইনজীবীদের প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬ রংপুর মহানগরীর মাছুয়াপাড়ায় জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের পক্ষে কোনো প্রকার আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রংপুর জেলা আইনজীবী সমিতি। আজ শনিবার সকালে সমিতির নিজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আফতাব উদ্দিন বলেন, আমরা চাই প্রকৃত দোষীরা যেন শাস্তি পায়। এই মামলাটিকে কোনোভাবেই রাজনীতিকরণ করা উচিত নয়, যদিও বর্তমানে তেমনটিই করার চেষ্টা চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তদন্তের মান নিয়ে মন্তব্য করা সমীচীন নয়, তবে আইনজীবীদের বিরুদ্ধে টাকা নিয়ে অন্যায়ের পক্ষে কাজ করার যে অভিযোগ ওঠে, তা খণ্ডন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত কোনো তথ্য-উপাত্ত না পাওয়া পর্যন্ত গ্রেপ্তারকৃতদের পক্ষে কোনো আইনজীবী আইনি লড়াই করবেন না বলে তিনি জানান। আফতাব উদ্দিন আরও বলেন, পরিস্থিতির ওপর নির্ভর করে এই সিদ্ধান্ত এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস কিংবা ছয় মাস পর্যন্ত বলবৎ থাকতে পারে। এর মাধ্যমে আমরা সমাজে একটি বার্তা দিতে চাই যে, আইনজীবীরা টাকার বিনিময়ে অন্যায়কে সমর্থন করেন না। আমরা চাই গণপতি চক্রবর্তীর পরিবারের হত্যাকাণ্ডের সঠিক বিচার হোক। আইনজীবী সমিতির পক্ষ থেকে এই মামলায় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে এবং প্রয়োজনে হাইকোর্টেও এই সহযোগিতা বজায় রাখা হবে। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠার পক্ষে অটল। সংবাদ সম্মেলনে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডনসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। SHARES অন্যান্য বিষয়: আইনি সহায়তাগণপতি চক্রবর্তীরংপুররংপুর আইনজীবী সমিতিহত্যাকাণ্ড