রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬ রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষিকার নাম মোসা. রনজিনা পারভীন। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। জানা যায়, রনজিনা পারভীন রাতে বগুড়া থেকে রাজধানীর ফার্মগেট এলাকায় ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে তিনি রিকশাযোগে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে পড়ে গিয়ে ওই শিক্ষিকার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি নিয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, পুলিশ ইতিমধ্যে জড়িতদের শনাক্ত করতে এবং ব্যবহৃত মোটরসাইকেলটি খুঁজে বের করতে কাজ শুরু করেছে। SHARES অন্যান্য বিষয়: ছিনতাইদুর্ঘটনামৃত্যুরাজধানীশিক্ষিকা