১৩ কার্যদিবসে ৬৭ হাজার পুরোনো মামলা নিষ্পত্তির রেকর্ড প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬ দশকের পর দশক ধরে ঝুলে থাকা মামলার পাহাড় আর বিচারপ্রার্থীদের অন্তহীন অপেক্ষার সংস্কৃতির বিপরীতে এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে দেশের উচ্চ আদালত। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বিশেষ উদ্যোগে মাত্র ১৩টি কার্যদিবসে নিষ্পত্তির আলো দেখেছে ৬৭ হাজারেরও বেশি পুরোনো মামলা, যা দেশের বিচারব্যবস্থার দীর্ঘদিনের ইতিহাসে এক বিরল ঘটনা। সুপ্রিম কোর্ট জানিয়েছে, গত ৭ মে থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন বেঞ্চগুলোর বিচারপতিরা দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে (বৃহস্পতিবার) পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলা নিষ্পত্তির বিশেষ এ কার্যক্রম শুরু করেন। পুরোনো মামলা নিষ্পত্তির এ কার্যক্রম অব্যাহত থাকবে। মে মাসে বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চের বিচারপতিদের দীর্ঘদিন ধরে বিচারাধীন পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। এরপর প্রধান বিচারপতির নির্দেশনা অনুসরণে সংশ্লিষ্ট বেঞ্চগুলোর বিচারপতিরা পুরাতন মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় ৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৩ হাজার ২৪৭টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়। একই সঙ্গে রিট মোশন বেঞ্চে ১ হাজার ৭৬৫টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি করা হয়। কার্যক্রমের ধারাবাহিকতায় ১৪ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৩ হাজার ৮৪২টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চে ৩ হাজার ২৬২টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে। ১১ জুন হাইকোর্ট বিভাগের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৬ হাজার ১৯৯টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। ১৮ জুন হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ১ হাজার ৮৮৪টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চে ৫৪১টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে। ২৫ জুন হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৩ হাজার ৯টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চে ৪০০টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে। জুলাই মাসেও এই গতি অব্যাহত ছিল। ২ জুলাই হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ১ হাজার ৬৫৫টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চে ৭৫৬টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে। ৯ জুলাই হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ১ হাজার ৭৮৬টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চে ১৬০টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি হয়েছে। ১৬ জুলাই হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৬ হাজার ৩১৭টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চে ২৩টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি হয়েছে। ২৩ জুলাই হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৭ হাজার ৮৫৩টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে, যা এক কার্যদিবসে পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তির নতুন রেকর্ড। ৩০ জুলাই হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৭ হাজার ৫৬৫টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। আগস্ট মাসেও এই বিশেষ কার্যক্রম চলমান ছিল। ৬ আগস্ট হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে ৬ হাজার ৯৬৮টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। ১৩ আগস্ট হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৫ হাজার ৪০৫টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে। ২০ আগস্ট হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৪ হাজার ৭১৮টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে। এর মাধ্যমে মাত্র ১৩ কার্যদিবসে মোট ৬০ হাজার ৪৪৮টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়। সম্প্রতি পুরাতন মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং পুরাতন রিট মামলা মিলিয়ে মোট ৬৭ হাজার ৩৫৫টি পুরাতন মামলা নিষ্পত্তি করা হয়েছে। মামলা জট নিরসনে এ কার্যক্রমকে প্রশংসনীয় উদ্যোগ উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, মামলা জট নিরসনে এমন সময়োপযোগী ও কার্যকর উদ্যোগের জন্য প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, হাইকোর্ট বিভাগের সকল বিচারপতি এবং সুপ্রিম কোর্ট প্রশাসন অবশ্যই ধন্যবাদ ও প্রশংসার দাবিদার। তিনি বলেন, পুরাতন মামলা দ্রুত নিষ্পত্তির এ ধরনের উদ্যোগ শুধু বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাবে না, বরং বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করবে। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সুপ্রিম কোর্টের দেওয়া হিসেব মতে, দেশে মোট মামলার সংখ্যা ৪৭ লাখ ৯১ হাজার ৯২১টি। এর মধ্যে তদন্ত ব্যতীত প্রকৃত বিচারাধীন মামলার সংখ্যা ৪৫ লাখ ৪১ হাজার ৯৩৯টি। হাইকোর্টে বিচারাধীন ৬ লাখ ৭৪ হাজার ৫১৬টি এবং আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ৩৮ হাজার ৯৭৩টি। SHARES অন্যান্য বিষয়: প্রধান বিচারপতিবিচার ব্যবস্থামামলা জটসুপ্রিম কোর্টহাইকোর্ট বিভাগ