একযোগে এনবিআরের ৬৮ কর কমিশনার পদে রদবদল প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনার পদমর্যাদার মোট ৬৮ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাঁদের কাউকে কাউকে অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন ও অফিস আদেশ জারি করা হয়। এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন) ওয়াকিল আহমদের সই করা এই প্রজ্ঞাপন ও আদেশে বলা হয়েছে, বিসিএস (কর) ক্যাডারের এসব কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি, পদায়ন এবং অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো। জারি করা আদেশ অনুযায়ী, ২টি পৃথক ভাগে এই রদবদল সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ১টি প্রজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত কর কমিশনার পদমর্যাদার ৩৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। অন্যদিকে, পৃথক ১টি অফিস আদেশের মাধ্যমে যুগ্ম কর কমিশনার পদমর্যাদার আরও ৩২ কর্মকর্তাকে বদলি ও পদায়নের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, যেসব কর্মকর্তার নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে, ওই কর্মস্থলে যদি অন্য কোনো কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত থাকেন, তবে তাঁর সেই অতিরিক্ত দায়িত্ব বাতিল বলে গণ্য হবে। বদলি বা পদায়ন হওয়া কর্মকর্তারা তাঁদের পূর্ববর্তী পদের দায়িত্ব এবং অতিরিক্ত দায়িত্ব (যদি থাকে) হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। SHARES জাতীয় বিষয়: অর্থ মন্ত্রণালয়এনবিআরকর কমিশনার বদলিজাতীয় রাজস্ব বোর্ডরাজস্ব প্রশাসন