আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি এবং কেনাকাটায় সিন্ডিকেট গঠন করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগ অনুসন্ধানের জন্য এরইমধ্যে ৪ সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। এই টিমের নেতৃত্বে রয়েছেন দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালাম। আসিফ মাহমুদ ছাড়াও এই তালিকায় থাকা অন্যরা হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

দুদক সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে বেআইনি কাজ হাসিলে ঘুষ গ্রহণ, মানিলন্ডারিং, বিদেশে অর্থপাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেন। এছাড়া চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের মতো অভিযোগও ভুক্তভোগীরা দুদকে জমা দিয়েছেন।

সূত্র আরও জানায়, সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া তার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগও খতিয়ে দেখছে দুদক।