কুমিল্লায় শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬

কুমিল্লার বরুড়া উপজেলায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাদিয়া সুলতানা ইমুকে (১০) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় মো. জসিম উদ্দিন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আব্দুল হান্নান এই রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি আদালত আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। এই অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত মো. জসিম উদ্দিন বরুড়ার গজারিয়া গ্রামের মৃত মনোহর আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৪ ডিসেম্বর সকালে ১০ বছর বয়সী নাদিয়া সুলতানা ইমু বরুড়ায় তার মায়ের খালা বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হয়। ঘটনার দুই দিন আগে সে সেখানে এসেছিল। ঘটনার দিন সকাল ১০টার দিকে তাকে তাজু মিয়ার মুদি দোকানে পাঠানো হয়েছিল, কিন্তু সেখান থেকে সে আর ফিরে না আসায় স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খুঁজতে শুরু করেন।

তদন্তকালে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত মো. জসিম উদ্দিনকে শনাক্ত ও আটক করে। পরবর্তীতে তদন্তে ঘটনার রহস্য উন্মোচিত হওয়ার পর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত