সিরাজগঞ্জ আদালতে পুলিশকে ধাক্কা দিয়ে লাফিয়ে পালালেন আসামি

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬

সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক আসামি পুলিশকে ধাক্কা দিয়ে আদালত ভবনের হাজতখানার দ্বিতীয় তলার বারান্দা থেকে লাফিয়ে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পলাতক আসামির নাম আব্দুল মমিন, যিনি সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার আব্দুস সবুরের ছেলে।

আদালতের বিভিন্ন সূত্র থেকে জানা যায়, চুরি মামলার হাজতি হিসেবে আব্দুল মমিনকে জেলা কারাগার থেকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল। হাজিরা শেষে তাকে আদালত ভবনের দ্বিতীয় তলায় হাজতে নেওয়ার সময় এক পুলিশ সদস্য তাকে হাতকড়া পরানোর চেষ্টা করছিলেন। ঠিক সেই মুহূর্তেই ওই পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বারান্দার অরক্ষিত দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়ে দ্রুত সটকে পড়েন মমিন।

ঘটনার পরপরই কোর্ট পুলিশ দয়ার ধানগড়া এলাকায় অভিযান চালিয়ে চোর সন্দেহে নুরনবী নামের এক যুবককে আটক করে নিয়ে আসে। নুরনবী দয়ার ধানগড়া মহল্লার আব্দুর রহিম নামের এক ব্যক্তির ছেলে। তবে যাচাই-বাছাই শেষে নুরনবীর সঙ্গে পলাতক আসামির কোনো মিল না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে, এই ঘটনায় দায়িত্বশীল পুলিশ সদস্যদের নীরবতা ও গড়িমসির বিষয়টিও সামনে এসেছে। দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত আদালত চত্বরে অবস্থান করেও পুলিশের কোনো কর্মকর্তার সাক্ষাৎ পাওয়া যায়নি। বিকেল সাড়ে ৪টার দিকে সদর কোর্টের জিআরও সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল হোসেন আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের কয়েকজন সদস্য জানিয়েছেন, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা ও অভিযান চলছে। এ বিষয়ে জানতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান বলেন, সবাই আসামি খুঁজতে গেছে। এছাড়া আদালত পরিদর্শক রওশন ইয়াজদানির কক্ষে একাধিকবার খোঁজ করেও তাকে পাওয়া যায়নি এবং তার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।