২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ১০৪৪ প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬ বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হাম বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ নিয়ে দেশজুড়ে সন্দেহজনক হামে মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪৪ জন শিশু আক্রান্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত শিশুর সংখ্যা ৮০ জন এবং সন্দেহজনক হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯৬৪ জন। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে মোট ১ লাখ ৬১ হাজার ১৪৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৫২৭ জন। এই সময়ের মধ্যে সারাদেশে মোট ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, হামে মৃত্যু ও শনাক্তের হার বিবেচনায় ঢাকা বিভাগ বর্তমানে সবার শীর্ষে রয়েছে। এরপর ক্রমানুসারে রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ। SHARES জাতীয় বিষয়: শিশু মৃত্যুস্বাস্থ্য অধিদপ্তরস্বাস্থ্য সংবাদহামহাসপাতাল