বাংলাদেশ রেলওয়ের ৩টি গুরুত্বপূর্ণ পদে বড় রদবদল প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬ বাংলাদেশ রেলওয়ের শীর্ষ পর্যায়ের তিনটি গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব কামরুল হাসান এতে স্বাক্ষর করেছেন। প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত মো. সুবক্তগীনকে ঢাকার রেলভবনে অতিরিক্ত মহাপরিচালক-অবকাঠামো (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, অতিরিক্ত মহাপরিচালক-উন্নয়ন (চলতি দায়িত্ব) পদে দায়িত্বরত মামুনুল ইসলামকে চট্টগ্রাম পূর্বাঞ্চলের নতুন মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত মহাপরিচালক-অবকাঠামো (চলতি দায়িত্ব) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক-উন্নয়ন (চলতি দায়িত্ব) পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। নতুন এই দায়িত্বের পাশাপাশি আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান যমুনা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। SHARES জাতীয় বিষয়: নিয়োগপ্রশাসনবাংলাদেশ রেলওয়েরদবদলরেলপথ মন্ত্রণালয়