দেশে ডেঙ্গুতে আরও চার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ জন প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬ দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ২৫২ জন রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে এবং হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৩৯ হাজার ৫৩২ জন। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৩৬ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৩৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২ হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৪৭ জন ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। এছাড়া ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২২৭ জন, চট্টগ্রামে ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৫ জন, বরিশালে ১১৯ জন, রাজশাহীতে ১০৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০১ জন, ময়মনসিংহে ৮৭ জন, রংপুরে ২৭ জন এবং সিলেটে ৬ জন ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে মোট ২৩৬ জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১৫৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৮৩ জন রয়েছেন। মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন করে, চট্টগ্রাম বিভাগে একজন এবং খুলনা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার একজন বাসিন্দা রয়েছেন। চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতির বিশ্লেষণে দেখা যায়, আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ ও ৩৮ শতাংশ নারী। তবে মৃত্যুর হার নারীদের ক্ষেত্রে বেশি; মোট ১১১ জন মৃত্যুর মধ্যে ৬১ জন নারী (৫৫ শতাংশ) ও ৫০ জন পুরুষ (৪৫ শতাংশ)। বয়সভিত্তিক তথ্যে ২১ থেকে ৩০ বছর বয়সীদের আক্রান্ত হওয়ার হার সবচেয়ে বেশি, যা সংখ্যায় ১১ হাজার ২৭১ জন। মাসভিত্তিক হিসাবে আগস্ট মাসে রেকর্ড ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। জুলাই মাসে এই সংখ্যা ছিল ৯ হাজার ২০৬ জন। সেপ্টেম্বর মাসের প্রথম তিন দিনে ৩ হাজার ৬৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সারা বছর এখন পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৯ হাজার ৯০৯ জন এবং এর বাইরে সারা দেশে ২৯ হাজার ৬২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বয়সভিত্তিক তথ্যেও তরুণদের আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। ২১ থেকে ২৫ বছর বয়সী ৫ হাজার ৬৪১ জন এবং ২৬ থেকে ৩০ বছর বয়সী ৫ হাজার ৬৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, অর্থাৎ ২১ থেকে ৩০ বছর বয়সী রোগীর সংখ্যা ১১ হাজার ২৭১। SHARES জাতীয় বিষয়: ডেঙ্গুডেঙ্গু আক্রান্তডেঙ্গু মৃত্যুস্বাস্থ্য অধিদপ্তরহাসপাতাল