দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬ আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গ্যাস সরবরাহ ব্যবস্থার প্রায় ৮৮ শতাংশ এরই মধ্যে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকি ১২ শতাংশ দ্রুত স্বাভাবিক করার কাজ চলছে। বর্তমান পরিস্থিতির কারণে জনগণের ভোগান্তিতে দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে মানুষের কষ্টে সরকার সমব্যথী। তিনি জানান, একটি নষ্ট হওয়া এফএসআরইউ মেরামতের কাজ চললেও গ্যাস সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়নি, তবে দ্রুত তা ঠিক করার চেষ্টা চলছে। বিদ্যুৎ খাতের বর্তমান চ্যালেঞ্জের বিষয়ে অনিন্দ্য ইসলাম অমিত জানান, রক্ষণাবেক্ষণ কাজের জন্য পায়রা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট এবং রামপাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট পূর্ণ সক্ষমতায় উৎপাদনে নেই। এছাড়া বঙ্গোপসাগর উত্তাল থাকায় বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য কয়লাবাহী লাইটারেজ আনা যাচ্ছে না। আবহাওয়া স্বাভাবিক হলে কয়লা সরবরাহ সহজ হবে এবং তখন পায়রা ও রামপাল পূর্ণ সক্ষমতায় ফিরতে পারবে। এছাড়া অতিবৃষ্টির কারণে আদানির বিদ্যুৎকেন্দ্রেও কিছু সমস্যা দেখা দিয়েছে। তবে ১৫ সেপ্টেম্বরের পর থেকে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে সরকার আশা করছে। সংবাদ সম্মেলনে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনের উদ্যোগের কথাও জানানো হয়। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের এক বিলিয়ন ডলার অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়নের চুক্তি বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সই হওয়ার কথা রয়েছে। প্রতিমন্ত্রী জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ক্রুড অয়েল পরিশোধন সক্ষমতা তিন গুণ বৃদ্ধি পাবে এবং বছরে প্রায় ৪৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করা সম্ভব হবে। এর মাধ্যমে দেশের মোট জ্বালানি চাহিদার ৫০ শতাংশের বেশি মেটানো সম্ভব হবে এবং জ্বালানি নিরাপত্তায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিপিপি অনুযায়ী ২০৩০ সালে প্রকল্পটি চালুর লক্ষ্য থাকলেও নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার চেষ্টা করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। SHARES জাতীয় বিষয়: অনিন্দ্য ইসলাম অমিতগ্যাস সরবরাহজ্বালানিবিদ্যুৎবিদ্যুৎ খাত