জুনিয়র এশিয়া কাপে চীনের কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬ জুনিয়র এশিয়া কাপের আসরে নিজেদের প্রথম ম্যাচে চীনের কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল। চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ দুইবার এগিয়ে গেলেও শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে ব্যর্থ হয়। আগামী রোববার গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। ১২ মিনিটে শিমুল ইসলামের ফিল্ড গোলে এগিয়ে যায় দলটি। তবে সাত মিনিট পরই চীন ম্যাচে সমতা ফেরায়। ১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোলটি করেন ওয়াং ইউবো। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ আবারও এগিয়ে যায়। ২৬ মিনিটে মেহেদী হাসানের ফিল্ড গোলে স্কোরলাইন ২-১ হয়। তৃতীয় কোয়ার্টারে রক্ষণভাগের ভুলে ব্যবধান ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৪২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে চীনকে সমতায় ফেরান ছিউ ওয়েনশুয়ান। শেষ কোয়ার্টারে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। বেশ কিছু ভালো সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগানো সম্ভব হয়নি। উল্টো ৫৩ মিনিটে সুন জিংরানের ফিল্ড গোলে প্রথমবারের মতো ম্যাচে এগিয়ে যায় চীন। শেষ পর্যন্ত ওই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণী হয়ে দাঁড়ায়। উল্লেখ্য, বাংলাদেশ নবমবারের মতো জুনিয়র এশিয়া কাপে অংশ নিচ্ছে। এই প্রতিযোগিতায় বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ১৯৯৬ সালে সেমিফাইনালে খেলা। এবারের টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান, চীন, মালয়েশিয়া ও কাজাখস্তান রয়েছে। SHARES খেলাধুলা বিষয়: খেলাধুলাচীন হকিজুনিয়র এশিয়া কাপবাংলাদেশ হকিহকি