চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু: কোনো বাধাকেই পরোয়া করবে না জামায়াত প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৬ চট্টগ্রামের উদ্দেশে আয়োজিত লংমার্চের উদ্বোধনী সমাবেশে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে এই কর্মসূচিতে নেমেছি এবং গন্তব্যে পৌঁছাতে কোনো ধরনের বাধাকেই পরোয়া করা হবে না। শনিবার সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় জোটের এই লংমার্চের সূচনা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, আমরা কোনো নির্দিষ্ট দল, ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে রাস্তায় নামিনি, বরং বাংলাদেশের ১৮ কোটি মানুষের পক্ষে দাঁড়িয়েছি। জনগণের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বর্তমান দেশের বিভিন্ন সংকট তুলে ধরে বলেন, জনগণ চাঁদাবাজি ও দুর্নীতির কারণে অতিষ্ঠ। গ্যাস, পানি ও বিদ্যুতের তীব্র সংকটের কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন যে, সেবা না পেলেও জনগণের ওপর নিয়মিত গ্যাসের বিল ও ভূতুড়ে বিদ্যুতের বিলের বোঝা চাপানো হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্যের দায়ে সিফাত নামের এক তরুণের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, ওই তরুণের ভাষার ধরন সমর্থন না করলেও, তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন তার সঙ্গে দেশের ১৮ কোটি মানুষ একমত। তিনি সিফাতের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে সতর্ক করে বলেন, অতীতে নূর হোসেন, ইয়াসমিন ও ডাক্তার মিলনের মতো ঘটনা অনেকের গদি উলটপালট করে দিয়েছিল। পচা শামুকে পা কাটার মতো পরিস্থিতি কখন তৈরি হবে, তা কেউ জানে না। লংমার্চের গুরুত্ব তুলে ধরে জামায়াত আমীর বলেন, জনগণের দাবি আদায়ের অঙ্গীকার থেকেই এই কর্মসূচি নেওয়া হয়েছে, যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে। সমাবেশ শেষে সকাল ৮টা ১৫ মিনিটে লংমার্চ চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। এই লংমার্চের যাত্রাপথে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। SHARES অন্যান্য বিষয়: চট্টগ্রামজামায়াতে ইসলামীরাজনীতিলংমার্চশফিকুর রহমান